শিবালয়ে দুই শিক্ষকসহ ৪জনকে বহিস্কার করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দু’ পরিক্ষার্থী ও বরঙ্গাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই শিক্ষককে বহিস্কার করেছেন উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ।

জানা গেছে, এসএসসি পরীক্ষার পঞ্চম দিনে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অসাধুপায় অবলম্বনের দায়ে অক্সফোর্ড একাডেমির দুই পরীক্ষার্থী ও বরঙ্গাইল কেন্দ্রে পরীক্ষার্থীদের অবৈধ সহযোগীতা প্রদান কালে ঢাকাইজোরা হাজী কুরবান আলী ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও সুজাতা রানী নন্দী হাতে-নাতে ধরা পড়েন। পরে ভ্রাম্যমান আদালত তাদের বহিস্কার করেছেন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ জানিয়েছেন, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে কেন্দ্র পরিদর্শন অব্যাহত থাকবে। এছাড়াও অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।