খাগড়াছড়িতে র্যাবের বিশেষ অভিযানে এক অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত অসন্ত্র ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৩৬)। তিনি জেলার পানছড়ি উপজেলার দমদম এলাকার সিরাজুল ইসলামের ছেলে। বুধবার দুপুরে খাগড়াছড়ি শহরের স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাকে তিনটি বিদেশী পিস্তল ও গুলিসহ আটক করা হয়।
র্যাব সূত্রে জানানো হয়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহম্মেদের নেতৃত্বে একটি দল খাগড়াছড়ি শহরতলীর স্টেডিয়াম এলাকায় অবস্থান নেয়। পরে পানছড়িগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ রবিউলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশী পিস্তল, ৫টি ম্যাগজিন ও ৪৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনার বুধবার সন্ধ্যায় র্যাব-৭ এর এসআই অমল চন্দ্র বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।



