খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি বিদেশী পিস্তল ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব-৭। গত বুধবার দুপুরে খাগড়াছড়ি শহরের স্টেডিয়াম এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৩৬)। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশী পিস্তল, পাঁচটি ম্যাগজিন ও ৪৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যা ব সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের র্যা ব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহম্মেদের নেতৃত্বে একটি দল খাগড়াছড়ি শহরতলীর স্টেডিয়াম এলাকায় অবস্থান নেয়। পরে পানছড়িগামী একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ রবিউল ইসলামকে আটক করে। রবিউল পানছড়ি উপজেলার দমদম এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সন্ধ্যায় অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যা ব-৭ এর সাব ইন্সপেক্টর অমল চন্দ্র বাদি হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছে।