লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আ ক ম রুহুল আমিনের বিরুদ্ধে আদালতে জালজালিয়াতি ও প্রতারণা মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী তার পাওনা টাকা না দিতে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে দাবি করেন।
গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী।
মামলায় অন্য সাক্ষীদের সাথে জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাজাহানকেও সাক্ষী করা হয়েছে।
রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন চৌধুরী জানান, বিষয়টি নিয়ে কয়েকবার দফারফা হওয়ার পর ১২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৌখিকভাবে আমার বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের অঙ্গীকার দিলেও তিনি তা করেননি। উপরন্তু আমিসহ কয়েকজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কেন মামলাটি প্রত্যাহার করা হয়নি জিজ্ঞাসাবাদ করলে তিনি আমাকে হুমকি-ধমকি প্রদান করেন। এ সময় তার কাছে আরো চেক রয়েছে দাবি করে আরো মামলা দায়ের করা হবে বলেও হুমকি দেয়া হয়।