এক নবাগত শিক্ষার্থীকে র্যাগ দেয়ার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত বৃহস্পতিবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোস্তাকিম সাকিব নামের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির কাছে তার বিভাগের তিন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। প্রক্টরিয়াল বডির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহেল রানা ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফি আনোয়ার সাদি ও নূর ই আলম সিদ্দিকীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রক্টরিয়াল বডি তদন্ত করে ঘটনার সত্যতা পায়। পরে এ তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দেই।