বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের গুরুত্বপূর্ণ ৩৫টি স্পটে ফ্রি ওয়াইফাই জোন চালু করা হচ্ছে। এর ফলে পর্যটকসহ যে কেউ নিজেদের মোবাইল ফোন, প্যাড ও ল্যাপটপের মাধ্যমে এসব এলাকায় বিনামূল্যে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন। এটি বাস্তবায়িত হলে প্রায় ৩৮ হাজার মানুষ কোনো ধরনের খরচ ছাড়াই সরকারি ই-পরিষেবাসহ আনলিমিটেড ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তায়নাধীন ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের আওতায় সিলেট ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় এই ফ্রি ওয়াইফাই জোন তৈরি করা হচ্ছে। প্রকল্পের ক্লাউড নিয়ন্ত্রিত ওয়াইফাই সমাধান প্রদান করেছে হুয়াওয়ে। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পকে সমগ্র বিশ্বের সামনে উপস্থাপনের লক্ষ্যেই বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের এই ব্যবস্থা করা হয়েছে। পর্যটনকেন্দ্র হিসেবে এই সেবার গুরুত্ব ছিল। এই ফ্রি ওয়াইফাই জোন একদিকে যেমন এখানকার পর্যটকদের সাহায্য করবে তেমনই কক্সবাজারকেও সাহায্য করবে বিশ্বের কাছে নিজেকে মেলে ধরতে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং এই প্রকল্পে কারিগরি সহযোগিতা সরবরাহকারী প্রতিষ্ঠানকে তিনি ধন্যবাদ জানান।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খান কক্সবাজার চারটি আসনের সংসদ সদস্যগণ যথাক্রমেÑ সাইমুম সরওয়ার কমল আশেক উল্লাহ রফিক, জাফর আলম, শাহীন আক্তার, সংরক্ষিত নারী আসনের কানিজ ফাতেমা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আমিন আল পারভেজ এবং পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান লে. কর্নেল (অব:) ফোরকান আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বক্তব্য দেন।



