খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ১২ লাখ টাকাসহ আকাশ চাকমা ওরফে একশন (৪৫) নামে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতাকে আটক করা হয়েছে। তিনি বাবুছড়া ইউনিয়নের মগ্য কার্বারি পাড়া গ্রামের মৃত নলেন্দ্র চাকমার ছেলে।
জানা যায়, রোববার গভীর রাতে নিরাপত্তা বাহিনীর একটি টহলদল তাকে আটক করে। টহলদলটি বাবুছড়া এলাকায় আকাশ চাকমা ওরফে অ্যাকশনকে থামতে সিগন্যাল দেয়। এ সময় সে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তিনি ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) বাঘাইহাট (গঙ্গারাম) এলাকার চিফ কালেক্টর।
এ সময় তার নিকট থেকে নগদ ১১ লাখ ৮৪ হাজার ৮৪৫ টাকা, ভারতীয় রুপী বিভিন্ন অলঙ্কার (স্বর্ণ ও রুপা), চাঁদার রশিদ বই, তিনটি ব্যাগসহ ব্যক্তিগত ব্যবহারসামগ্রী উদ্ধার করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তমচন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করেন।