কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কক্সবাজার কটেজ মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহমদ নোবেলকে তরুণীসহ শহরের হোটেল মোটেল জোন এলাকার লাইটহাউজের একটি কটেজ থেকে আটক করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে তাকে আটক করা হয়। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক আবু মো: শাহজাহান কবির জানান, কাজী রাসেল আহমদ নোবেলকে তরুণীসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মানবপাচার আইনের ৭/৮ ধারায় মামলা হয়েছে। তা ছাড়া তার বিরুদ্ধে আগে থেকেই একটি মারামারি মামলার ওয়ারেন্ট রয়েছে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, কক্সবাজার পর্যটন এলাকার কলাতলীর হোটেল মোটেল জোনে দীর্ঘ দিন ধরে দলীয় পরিচয়ে কাজী রাসেল দাপটের সাথে নানা আপত্তিকর কর্মকাণ্ড করে আসছিল। প্রায় সময় তার বিরুদ্ধে নানা অভিযোগ পুলিশের কাছে গেলেও কোনো প্রতিকার পাওয়া যেত না। সম্প্রতি মোরশেদ নামে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করে রাসেল। ওই ঘটনায় মডেল থানায় তাকে এক নম্বর আসামি করে মামলাও হয়। তার সাথে গ্রেফতার হওয়া তরুণী (মিম) কক্সবাজারের স্থানীয় কণ্ঠশিল্পী। উল্লেখ্য, কাজী রাসেল আহমদ নোবেল কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য, কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর ছোট ভাই। কাজী রাসেল আহমদ নোবেল বিগত কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে হেরে যান। তিনি কটেজ মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি। কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল বলেন, কোনো অপরাধী দলের হতে পারে না। অপরাধ করলেই শাস্তি পেতে হবে। ঘটনা সত্যি হলে তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এ দিকে কাজী রাসেলের ভাই কাউন্সিলর কাজী মোরশেদ আহমেদ বাবু জানান, পারিবারিক কলহের জের ধরে তাকে আটক করানো হয়েছে। কারণ তার চলাফেরা পরিবারের বিরোধী হওয়ার কারণেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।



