রাজবাড়ীর বালিয়াকান্দি সাবরেজিস্ট্রি অফিসে সাবরেজিস্ট্রার না থাকায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে কার্যক্রম। এতে জমির ক্রেতা-বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
উপজেলা সাবরেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলা সাবরেজিস্ট্রার লুৎফুন নাহার মাতৃত্বকালীন ছুটিতে যান ৯ জানুয়ারি। ছুটিতে থাকার কারণে এখানে অন্য কোনো সাবরেজিস্ট্রার না আসায় ও অতিরিক্ত দায়িত্ব পালন না করায় জমি রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে।
জমি রেজিস্ট্রি করতে আসা মাসুদ রানা বলেন, আমি একটি জমি ক্রয় করেছি। দেড় মাস ধরে রেজিস্ট্রি করার জন্য ঘুরছি। সাবরেজিস্ট্রার না থাকার কারণে রেজিস্ট্রি করতে পারছি না। আমার মতো এ রকম অনেকেই জমি রেজিস্ট্রি করার জন্য দিনের পর দিন ঘুরছেন। দ্রুত সাবরেজিস্ট্রার পদায়ন করার দাবি জানাচ্ছি।
জমি রেজিস্ট্রি করতে আসা মোকারম হোসেন বলেন, প্রায় এক মাস ধরে জমি রেজিস্ট্রি করার জন্য ঘুরলেও সাবরেজিস্ট্রার না থাকার কারণে রেজিস্ট্রি হচ্ছে না। জমি বিক্রেতা টাকার জন্য দিনের পর দিন ঘুরছে। এ টাকা নিয়ে বিদেশ যাবে, রেজিস্ট্রি না হওয়ায় টাকা না পেয়ে তিনি হয়রানির শিকার হচ্ছেন।
দলিল লেখক সমিতির সভাপতি কবির হোসেন বলেন, আমরা রেজিস্ট্রি কার্যক্রম চালু রাখার জন্য অনেক ঘুরেছি। তবে কোনো সাবরেজিস্ট্রার আসেনি। এতে দলিল লেখকরাও পড়েছে চরম বিপাকে। তারাও কর্মহীন হয়ে পড়েছে। আশা করছি আগামী সপ্তাহ থেকে রেজিস্ট্রি কার্যক্রম শুরু হবে।