মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক দুর্জয় মাহমুদ বাচ্চু মৃধা হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে। পুলিশের খাতায় পলাতক মামলার আসামি খায়রুল আমিন ও কহিনুর রহমান। অথচ মামলার এক ও দুই নম্বর আসামি কহিনুর রহমান, খায়রুল আমিনকে গত সোমবার ছাত্রলীগের একটি অনুষ্ঠানে প্রকাশ্যেই দেখা গেছে শিবচর থানার ওসির সাথে। সেই ছবিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ দিকে হত্যা মামলার আসামি গ্রেফার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
জানা গেছে, গত বছর ৬ সেপ্টেম্বর বিকেলে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সালিস মীমাংসা ডাকা হয়। এ সময় প্রতিপক্ষ কহিনুর রহমানের লোকজনের হামলায় গুরুতর আহত হন বাচ্চু। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাচ্চু। নিহতের বড় ভাই মামলার বাদি বাবলু মৃধা বলেন, ‘আমার ভাইকে কহিনুর মাস্টার ও তার লোকজন মারধর করায় তার মৃত্যু হয়েছে। আসামিরা প্রকাশ্যেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সোমবার ছাত্রলীগের একটি অনুষ্ঠানে মামলার প্রধান দুই আসামি ও শিবচর থানার ওসি এবং নেতাদের সাথে একই মঞ্চেই ছিল। অথচ পুলিশ এই এজাহারভুক্ত আসামিদের দেখেও গ্রেফতার করছে না। আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।’
শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ প্রকাশ্যে হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেফতার না করা প্রসঙ্গে কোনো উত্তর দিতে পারেননি। তবে তিনি বলেন, ‘এই মামলায় চার্জশিট হয়েছে। বাকি বিচার আদালত করবে।’