একুশে পদকে ভূষিত, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় গুরু, উপ-সংঘরাজ ও রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষের তিন দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ২টায় প্রয়াত পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরর শবদেহ সহকারে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার থেকে শুরু হওয়া বিশাল শোভাযাত্রা বিহারসংলগ্ন জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরর তিন দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল উপস্থিত ছিলেন। তিনি বলেন, অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার অগ্রনায়ক ছিলেন। তিনি মানবতার কাজ করেছেন। তার প্রয়াণে দেশবাসী শোকাহত। তার শিক্ষা ও আদর্শ লালন করে আগামীতে তার মতো ধর্মীয় গুরু সৃষ্টি হলে দেশ উপকৃত হবে।
এ ছাড়াও ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ধর্মরুতœ মহাথরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, ওসি মো: আবুল খায়ের, কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সালাহ উদ্দিন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নোবেল বড়ুয়া, ফতেখারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিল্পপতি দয়াল বড়ুয়া, অ্যাডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান পুরোহিত সুবীর বাক্ষ্মন চৌধুরী বাদল, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক।
স্বাগত বক্তব্য রাখেন উপ-সংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তরুণ বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভা শেষে সাতটি দল আলং নৃত্য পরিবেশন করে। সন্ধ্যা ৭টায় উপ-সংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের নিবার্ণ সুখ ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।