সালিশি বৈঠকে ডেকে নিয়ে পুলিশের এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টো কর্তৃক দুই সহোদরকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে কক্সবাজারে বিশাল মানববন্ধন হয়েছে। গতকাল কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ চত্বরে কক্সবাজার বিুব্ধ সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সৈয়দুল হক মুরাদ, আব্দুল্লাহ আল আরমান, কামরুল হাসান ও মোহাম্মদ তারেক। মানববন্ধনে বক্তারা বলেনÑ মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই সেøাগানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে হামলাকারী পুলিশের এএসআই ভুট্টো। তারা ভুট্টোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ১৭ ফেব্রুয়ারি চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীরখীল গ্রামে বসতভিটার বিরোধের জেরে সালিশি বৈঠকে এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টো কুপিয়ে আহত করে তার আপন দুই মামাতো ভাই হাফেজ আবু দারদা ও আব্দুল্লাহ আল নোমানকে। দায়ের কোপে দুই ভাইয়ের হাত ও ঘাড়ের রগ কেটে যায়। তাদের মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহতের ভাই আব্দুল্লাহ আল আরমান বাদি হয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় কর্মরত এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টোকে ১নং আসামি করে চকরিয়া থানায় আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বর্তমানে অভিযুক্ত এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টো প্রেষণে উখিয়ার ময়নাঘোনা রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন করছেন।