কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে সোমবার ভোররাতে বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিজিবির দাবি নিহত ব্যক্তি মাদক কারবারী। ঘটনাস্থল থেকে অবৈধ অস্ত্র ও দেড়লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, সোমবার ভোররাতে টেকনাফে নয়াপাড়া বিওপির বিশেষ একটি টহলদল মাদকের চালান আসার খবর পেয়ে জাদিমুরা খাল সংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। পরে মাদকের চালান নিয়ে নৌকাযোগে কয়েকজন ব্যক্তি খালের কিনারায় উঠে পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে মাদক কারবারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিজিবি পাল্টা গুলি চালালে মাদক কারবারীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একব্যক্তিকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়ার পথে ওই ব্যক্তি মারা যায়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দেড়লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গোলাগুলির সময় বিজিবির তিন সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে।