বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় একাধিক সূত্র দাবি করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, বরিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বাবুগঞ্জ ফায়ার সার্ভিস, উজিপুর ফায়ার সার্ভিস ও মাদারীপুর ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় চারঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে প্রায় ৩০টি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে বাসস্ট্যান্ড মার্কেট। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে গৌরনদী সুপার মার্কেট।

সোমবার সকালে বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা ও ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।