কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত মধ্যরাতে শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বিজয় (২২), শফিকুল ইসলাম ওরফে টাইগার (২২), আশিক (১৯), জাকারিয়া (১৯) ও আব্দুল্লাহ ওরফে জয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো: শাহিন বলেন, ডাকাতি করার উদ্দ্যেশ্যে কিছু লোক একটি বাড়িতে অবস্থান করছে এমন খবর পাই। এমন খবরে ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানে উল্লেখিত পাঁচ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভৈরবের বিভিন্ন স্থানে ডাকাতি ছিনতাইসহ নানা রকমের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।



