তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী বালিকা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেছেন, সর্বোত্তম বিদ্যাপিঠ হচ্ছে পরিবার। শিশুরা পরিবার থেকে যে শিক্ষা পায় সেই শিক্ষাই তারা আজীবন ধারণ করে থাকে। পারিবারিক শিক্ষার পর ছেলেমেয়েদের ওপর বেশি প্রভাব পড়ে শিক্ষা প্রতিষ্ঠানের। শিক্ষকদের আচার আচরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষার্থীদের মানসিকভাবে দারুণ প্রভাবিত করে। তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা এমন একটি সুন্দর পরিবেশে ছেলেমেয়েদের শিক্ষা দিচ্ছে; যা আমাদের সমাজের জন্য খুবই জরুরি।
গতকাল মঙ্গলবার টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, তা’মীরুল মিল্লাত ট্রাস্ট্রের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন ও চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়া ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো: সাফীউদ্দীন।
বিশেষ অতিথির বক্তৃতায় তা’মীরুল মিল্লাত ট্রাস্ট্রের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন বলেন, কোয়ালিটি শিক্ষার কোনো বিকল্প নেই। তা’মীরুল মিল্লাত ট্রাস্ট্র কাক্সিক্ষত গুণগত শিক্ষা নিশ্চিত করার প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অচিরেই আমরা সিরাজগঞ্জে একটি শাখা চালু করতে যাচ্ছি। পরবর্তীতে বিভিন্ন জেলায় আমাদের আরো শাখা চালু করার পরিকল্পনা আছে।
যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিল বালিকা শাখার ছাত্রী সাহারা ফারিন ও তাফান্নুম হৃদা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।