লবণ চাষিদের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপে সরকার সায় দেবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। শুক্রবার দুপুরে কক্সবাজারে আয়োজিত মুজিব শতবর্ষে লবণ ক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, অবৈধ পন্থায় লবণ আমদানি বন্ধে প্রয়োজনে আইন করার উদ্যোগ নেবে সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে মন্ত্রী কক্সবাজার পাবলিক হল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত লবণ চাষিদের একটি সমাবেশে যোগ দেন। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, আপনাদের দাবির আলোকে লবণের মূল্য ও আরো চাষ বাড়াতে একটা স্থায়ী সমাধান বের করব। দেশে লবণ উৎপাদনে আরো স্বয়ংসম্পূর্ণতা অর্জনে লবণ চাষিদের উন্নতমানের লবণ চাষে মহাপরিকল্পনা গ্রহ্যণ এবং চাষিদের লবণের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তা দিতে সরকার বদ্ধ পরিকর।

শিল্পমন্ত্রী নিজেও একজন লবণ চাষি দাবি করে বলেন, আপনাদের চকরিয়াতে আমার লবণ চাষের জমি আছে। ১৯৮৬ সালে এরশাদ আমলে আমি লবণ চাষ করতাম। সুতরাং আমিও আপনাদের মানুষ। আমাকেও আপনাদের সাথে রাখবেন।

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপযোগিতাসহ যাচাই-বাছাই করে কক্সবাজারে লবণ বোর্ড প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়ে শিল্পমন্ত্রী বলেন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের নিয়ে বসবে সরকার।

জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম প্রমুখ।