বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বাণিজ্যিকভাবে বালু বিক্রি শুরু করেছে স্থানীয় প্রভাবশালীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন যাবত পালরদী নদীর বড় দুলালী এলাকায় স্থানীয় রাসেল নামের এক যুবক অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন শুরু করে। পাশাপাশি কতিপয় প্রভাবশালী নদীতে আরো দুইটি অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।
উপজেলার বড়দুলালী গ্রামের নদী পারের বাসিন্দারা জানায়, পালরদী নদীর বড় দুলালী অংশে তিনটি অবৈধ ড্রেজার বসিয়ে অব্যাহতভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী মহল। ফলে বর্ষার দিনে বালু উত্তোলন এলাকায় ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।