ক্লাস-পরীক্ষা চালুসহ চার দফা দাবিতে শিক্ষার্থীদের অনশনের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুন্নাহার বেগম। একই সাথে বিভাগের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত গত বৃহস্পতিবার প্রত্যাহার করেছেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম দিপু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে দু’টি দাবি মেনে নেয়া হয়েছে। ইতোমধ্যে বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুন্নাহার বেগম বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে বিভাগের ছাত্র উপদেষ্টা মুহাম্মদ ওমর ফারুকও পদত্যাগ করেন।
এ দিকে শিক্ষার্থীদের প্রস্তাবিত তালিকা থেকে পরবর্তী ছাত্র উপদেষ্টা নিয়োগ ও ভুক্তভোগী শিক্ষার্থীর ব্যাচের একাডেমিক কোনো কার্যক্রমের সাথে বর্তমান বিভাগীয় প্রধানের কোনো প্রকার সংশ্লিষ্টতা না থাকা এবং দাবি দু’টি দীর্ঘমেয়াদি হওয়ায় পরবর্তী সময়ে এসব দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয় শিক্ষার্থীদের।
পদত্যাগী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামসুন্নাহার বেগম বলেন, আমি মনে করি, সম্মানিত এই পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। তাই বৃহস্পতিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর নৈশভোজে এক বহিরাগত শিক্ষকের দ্বারা বিভাগের স্বেচ্ছাসেবী শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠে।
অভিযুক্ত শিক্ষক আলাউদ্দিন খান বিভাগীয় প্রধান অধ্যাপক শামসুন্নাহার বেগমের স্বামী ও সিলেট এমসি কলেজের শিক্ষক। বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগীয় প্রধান ও ছাত্র উপদেষ্টার উপস্থিতিতেই আলাউদ্দিন খান ওই ছাত্রকে হুমকি দেন ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় বিচার চাইলে ঘটনার জেরে বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেয়া হয়। এর পর থেকেই চার দফা দাবিতে আন্দোলন ও গত বুধবার আমরণ অনশনে নামেন বিভাগের শিক্ষার্থীরা।