রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজইল ইউনিয়নের সুবর্ণকোলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত স্কুলশিক্ষক আসাদুল বারী খানকে হত্যায় মামলা দায়ের হয়েছে। পুলিশ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে।
নিহত স্কুলশিক্ষক আসাদুল বারী খানের ভাতিজা মো: নজরুল ইসলাম খান বাদি হয়ে গত শুক্রবার রাতে পাংশা মডেল থানায় আওয়ামী লীগ নেতা মো: জজ আলী বিশ্বাসকে প্রধান আসামি করে ৫১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে কশবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দারকেও।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো: কায়সার হামিদ বলেন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহর নেতৃত্বে শুক্রবার রাতেই অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহার নামীয় পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সুবর্ণখোলা গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে আতিয়ার হোসেন বিশ্বাস (৩৫), লোকমান হোসেনের ছেলে রুবেল আলী মণ্ডল (৪২), রুস্তম বিশ্বাসের সিরাজ বিশ্বাস (৩৮) ফিরোজ খানের ছেলে শাকিল খান (৩২) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার জালসুখা গ্রামের সামাদ শেখের ছেলে রতন আলী শেখ (২৬)। গ্রেফতারকৃতদেরকে শনিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
গত শুক্রবার ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা জর্জ আলী বিশ্বাসের গ্রুপের হাতে নিহত হন স্কুলশিক্ষক আসাদুল বারী খান। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। একই সাথে অন্তত ৩০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকেই ওই এলাকায় ইউপি চেয়ারম্যান মো: কামরুজ্জামান খান ও জজ আলী বিশ্বাসের গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর লুটতরাজ হয়ে আসছিল।