বায়ুদূষণে ঢাকা এখন বিশ্বে প্রথম। বর্তমান পৃথিবীতে বায়ূদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। বায়ুদূষণজনিত রোগে বিশ্বে প্রতি ঘণ্টায় ৮০০ জন মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। ঢাকাবাসী বায়ুদূষণজনিত রোগগুলোর মারাত্মক ঝুঁকির সম্মুখীন। এ ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নূরজাহান ফাউন্ডেশন বাংলাদেশ বিভিন্ন কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে পথচারী, রিকশাচালক, দিনমজুর ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে। ওই কর্মসূচিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্ট পফেসর ও অ্যাডভোকেট মো: শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আরিফুর রহমান প্রধান ও ভাইস চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ কর্মসূচির প্রধান লক্ষ্য হলো সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের নামে রাস্তাঘাট যখন তখন খোঁড়াখুঁড়ি বন্ধের ও উন্নয়নের পূর্বে সেফটি ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান। এ ছাড়া নগরবাসীকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত রাখা, নিজে পরিষ্কার থাকা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। মহামারী করোনাভাইরাস থেকে বেঁচে থাকতে ও একে মোকাবেলা করতে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে আহ্বান করা হয়। বিজ্ঞপ্তি।