কক্সবাজারে মুজিববর্ষকে যথাযথভাবে পালনের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নানা কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার লাবণি মোড়ে চলমান উন্নয়ন কার্যক্রম এবং বাংলাদেশ সৃষ্টির নানা অন্দোলন সংগ্রামের স্মৃতিচিহ্নস্বরূপ দৃষ্টিনন্দন ‘টেরাকোটা’ উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া কউকের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের কার্যক্রমেরও সূচনা করা হয়। এসব কার্যক্রম শুভ উদ্বোধন করেন কউকের চেয়ারম্যান লে. কর্নেল (অব:) ফোরকান আহমদ। তিনি বলেন, মুজিববর্ষকে সামনে রেখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের ছাত্রদের গণ-আন্দোলন, ১৯৬৬ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবি, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭০ এর সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আজ টেরাকোটা উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু করা হচ্ছে। তিনি আরো বলেন, কক্সবাজারের মানুষের জন্য এই প্রথম আবাসিক ফ্ল্যাট প্রকল্পের সর্বোচ্চ গুণগতমান নিশ্চিতপূর্বক সরকারি নিয়ম অনুসরণ করে যথাযথভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাটগুলো বুঝিয়ে দেয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, ১০ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন, এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শাফকাত আলী, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও তার পরিবারের জন্য মুনাজাত করা হয়।