শিবালয়ে ‘হোম কোয়ারেন্টাইনে’ অবস্থান না করায় ইরাকফেরত খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এ দণ্ড প্রদান করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার উথলী ইউনিয়নের ধুসর গ্রামের কাদের জোয়াদ্দারের ছেলে খোরশেদ ইরাক থেকে ৯ মার্চ দেশে ফিরেন। সরকারী নির্দেশনা মোতাবেক সে ‘হোম কোয়ারেন্টাইন’ না করে স্বাভাবিক চলাফেরা করছে এমন অভিযোগে তাকে অর্থদণ্ড ও পরিবারের সদস্যদের নিয়ম মেনে চলার নির্দেশ দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, এ যাবৎ উপজেলায় ৭৩ জন বিদেশফেরত ব্যক্তির মধ্যে ২৬ জন কোয়ারেন্টাইনে রয়েছে। বাকিদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে।



