বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসজনিত কারণে উদ্ভূত পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এতে শিক্ষার্থীদের আপনজনদের কাছে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়।

এর আগে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।