নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক দৃষ্টিপ্রতিবন্ধীর দোকানসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে চর হাজারী ৮ নম্বর ওয়ার্ডের তেরো বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনটি দোকান এবং দোকানে থাকা অর্থ ও মালামাল পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, হঠাৎ আগুন দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দৃষ্টিপ্রতিবন্ধী রিপনের দোকান, মোহাম্মদ সিরাজের দোকান ও আবদুল হাই মিয়ার দোকান এবং দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।



