দিনাজপুরের নবাবগঞ্জে মাদক ব্যবসায়ীদের নির্দেশে সন্ত্রাসীদের কুড়ালের আঘাতে একই গ্রামের তিনজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার শালখুরিয়া ইউপির বেড়ামালিয়া গ্রামের টপ-মাদক সম্রাট মাছুদ ও মামুনের ইশারায় বজরুক হরিনা গ্রামের ১০-১২ জনের একটি সন্ত্রাসীদল কর্তৃক পুলিশের সোর্স সন্দেহে ওই বেড়ামালিয়া গ্রামের মজিদ সরকার, নুরনবী ও রেজাউলের বাড়িতে ঢুকে হত্যার উদ্দেশ্যে তাদের দেহের বিভিন্ন অংশ কুড়াল দিয়ে কেটে ক্ষতবিক্ষত করা হয়। ভেঙে ফেলা হয় আহতদের বাড়িঘরের বিভিন্ন আসবাবপত্র।
স্থানীয়রা জানান, এমনকি আহত রেজাউলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একই কায়দায় গুরুতর আহত করে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় ওই সন্ত্রাসী দলটি। এ ঘটনায় ২০ মার্চ (শুক্রবার) বেলা ১১টায় নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে।
গুরুতর আহত তিনজনকে নবাবগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহতদের দৃত এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন বলে জানান আহতদের স্বজনরা।
এ ঘটনায় পুলিশ কর্তৃক চলমান অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে দুইজন। তবে এখনো অধরা রয়েছে মাদকসম্রাট মাছুদ, মামুন ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী দলটি।