করোনাভাইরাস সংক্রমণ রোধে শিবালয়সহ মানিকগঞ্জ জেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া জেলার সকল এনজিও’র কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া খানম জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ আদেশ প্রদান করেন।
করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় বিভিন্ন এনজিও কর্মীদের অবাধ চলাচল ও ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার লিখিত নির্দেশ দেন জেলা প্রশাসক।
সোমবার জেলা প্রশাসক এসএম ফেরদৌসের স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয় যদি কোনো এনজিও এ আদেশ উপেক্ষা করে ঋণের কিস্তি আদায়ে চাপ প্রয়োগ করে ও উত্তোলন অব্যাহত রাখে, তা হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ফৌজিয়া খানম জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমন ও প্রতিরোধের জন্য জেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাট বন্ধ রাখার বিষয়ে উজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
এ নির্দেশের প্রেক্ষিতে আজ সোমবার শিবালয় উপজেলার সর্ববৃহত ঐতিহ্যবাহী বরংগাইল হাটে উপজেলা প্রশাসনের পক্ষ্যে মাইকিং করে কার্যত বন্ধ করা হয়। এছাড়া, বরংগাইল, মহাদেবপুর, তেওতা বাজারে পণ্যের অতিরিক্ত দাম, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ভেজাল পণ্য বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। শিবালয় সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন এ দণ্ড আদায় করেন।



