বকেয়া বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন জয়পুরহাট সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার সকাল ১০ টার দিকে চিনিকলের সামনে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
এ সময় দুই শতাধিক শ্রমিক জড়ো হয়ে গত তিন মাসের বকেয়া বেতনের দাবি করেন। এক পর্যায়ে তারা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বকরকে তালা দিয়ে অবরুদ্ধ করেন। পরে বেতন পরিশোধের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিন ঘণ্টা পর বেলা ১টার দিকে ব্যবস্থাপনা পরিচালকের ঘরের তালা খুলে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন জয়পুুরহাট চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার, সহসভাপতি মসলেম হোসেন বিশ্বাস, সহসাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাকিম মাহমোদ প্রমুখ।



