কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জরুরিসেবা ছাড়া সব কার্যক্রম স্থগিত করেছে আরআরআরসি কর্তৃপক্ষ। বুধবার থেকে জরুরি স্বাস্থ্যসেবা সচল থাকলেও বন্ধ থাকবে ক্যাম্পের যাবতীয় কার্যক্রম। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহবুবুল আলম তালুকদার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এ দিকে রোহিঙ্গাদের দেশ মিয়ানমারে দুইজন নভেল করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতদিন পর্যন্ত মিয়ানমারই ছিল বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র যারা বলে আসছিল, তাদের দেশে কোনো করোনাভাইরাস আক্রান্ত নেই। চীনের সাথে দীর্ঘ সীমান্ত থাকার পরও এমন দাবি করছিল তারা। যে চীনের উহান শহর থেকেই প্রাণঘাতী নতুন করোনাভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়েছে।
মিয়ানমারে করোনা রোগী শনাক্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোহিঙ্গা ক্যাম্পে। ফলে ৩৪টি ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গারাও ঝুঁকির মধ্যে রয়েছে। লোকমুখে ছড়িয়ে পড়া গুজব ও কল্পকাহিনী নিয়ে অজানা আতঙ্কে দিনাতিপাত করছে রোহিঙ্গা সম্প্রদায়। সচেতনতার অভাবে রোহিঙ্গারা করোনা প্রতিরোধে যথাযথ প্রস্তুতি নিতেও পারছে না।