কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি ও পুলিশের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছে। এর মধ্যে একজন ছাড়া অন্যদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে বিজিবির ধারণা নিহত তিনজন রোহিঙ্গা। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের লেদার ছুরিখাল এলাকায় বিজিবির সাথে এবং হোয়াইক্যং এর উলুবনিয়া এলাকায় পুলিশের সাথে এসব ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মোট এক লাখ ৯৫ হাজার পিস ইয়াবা, চারটি দেশীয় লম্বা বন্দুক ১০ রাউন্ড তাজা কার্তুজ ও ১৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশের সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টিম ওই স্থানে অবস্থান নেয়। এ সময় একটি নৌকায় চার-পাঁচজন লোক ওই এলাকা দিয়ে প্রবেশ করে। তাদের চ্যালেঞ্জ করলে ইয়াবা পাচারকারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পরে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে কয়েকজন পাচারকারী নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ইয়াবা অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা তিনজনকে উদ্ধার করা হয়। তাদেরকে টেকনাফ হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে এক লাখ ৮০ হাজার ইয়াবা, দু’টি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ, একটি গুলির খালি খোসা, একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।
অপর দিকে টেকনাফ পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মুসা আকবর (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার হোয়াইকং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মুসা আকবর হোয়াইকং ইউনিয়নের তুলাতুলি গ্রামের আবুল বশরের ছেলে। টেকনাফ থানা পুলিশের ওসি (তদন্ত) এ বি এম এস দোহা জানান, শুক্রবার রাত ২টার দিকে উলুবনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ইয়াবা ব্যবসায়ীরা পুলিশের প্রতি গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মুসা আকবরকে আটক এবং দু’টি দেশী এলজি, আটটি কার্তুজ, গুলির ১২টি খোসা ও হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে মুসা আকবর ও পুলিশের আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার মুসাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত চার
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি ও পুলিশের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছে। এর মধ্যে একজন ছাড়া অন্যদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে বিজিবির ধারণা...



