করোনাভাইরাস প্রতিরোধে মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে যানবাহনের চাপ অনুযায়ী ফেরি চলাচল করায় সংস্থার স্বাভাবিকের তুলনায় রাজস্ব আয় অর্ধেকে নেমে এসেছে।
বিআইডব্লিউটিসি আরিচা অফিস সূত্র জানিয়েছে, করোনা সংক্রমণে গণপরিবহন বন্ধের পর ফেরি সংস্থার পাটুরিয়া বহরে সাতটি ইউটিলিটি, দু’টি রো-রো ও একটি কে-টাইপ ফেরি চলাচল অব্যাহত রয়েছে। যা স্বাভাবিকের তুলনায় অর্ধেক। এতে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় আড়াই হাজার যানবাহন পারাপার হচ্ছে। যার বেশির ভাগ ছোট গাড়ি। পণ্যবাহী ট্রাকের সংখ্যাও রয়েছে উল্লেখযোগ্য। এ পরিমাণ যানবাহন পারাপার করায় সংস্থা প্রত্যেহ প্রায় ৩২ লাখ টাকা রাজস্ব আয় করছে।
ফেরি সংস্থার অপর একটি সূত্র জানিয়েছেন, গণপরিবহনের মধ্যে দূরপাল্লার বাস-কোচসহ অন্য ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় রাজস্ব আয় অর্ধেকে নেমে এসেছে।