ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সাকিলুর রহমান তালুকদার সোহাগকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে মাদারীপুর জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে স্বাক্ষরিত শনিবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সাকিলুর রহমান তালুকদার সোহাগ মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাকিলুর রহমান তালুকদার সোহাগের বিরুদ্ধে এক হিন্দু নারীকে ধর্ষণ করার অভিযোগ এসেছে। ওই নারী বাদী হয়ে গত ১৮ মার্চ ঢাকার ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বর্তমানে মামলায় সাকিলুর রহমান তালুকদার সোহাগ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, ‘সাকিলুর রহমান সোহাগ শুধু এক হিন্দু তরুণীকে শুধু ধর্ষণই করেননি, বরং তার বিরুদ্ধে দলের শৃংখলা ভঙ্গের আরো অভিযোগও রয়েছে। তাই তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রে পাঠানো হয়েছে। যাতে স্থায়ীভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।



