রাজবাড়ীর পাংশায় আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ছয়জনকে রাজবাড়ী সদর ও একজনকে পাংশা উপজেলা হাসাপাতালের আইসোলেশন ইউনিটে ভতি করা হয়েছে। বৃহস্পতিবার আইইডিসিআরে নতুন করে ৪৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পাংশার কুড়া পাড়ায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তির করোনা পজিটিভ হওয়ার রির্পোট আসার পরই তাকে পাংশা উপজেলা হাসাপাতালের আইসোলেশন ভর্তি করা হয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান, পাংশার কুড়া পাড়ার ওই যুবক ঢাকায় এক ওষুধ কোম্পানীতে চাকুরি করেন। তিনি ১০ এপ্রিল ঢাকা থেকে জ্বর ও কাশি নিয়ে পাংশা এসেছেন। পরে নমুনা টেস্ট করে করোনা পজিটিভ ধরা পরায় তার বাড়ি লকডাউন করে দেয়া হয়।

রাজবাড়ীর পাঁচটি উপজেলা থেকে আজ পর্যন্ত করোনাভাইরাস সন্দেহে ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, আজ পর্যন্ত ৭৯ জনের নমুনার রিপোর্ট হাতে পাওয়া গেছে। যার মধ্যে ৭৩ নেগেটিভ এবং সাতজনের পজেটিভ রিপোর্ট এসেছে।

তিনি আরো বলেন, বিশেষ করে নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে যে সব মানুষ রাজবাড়ীতে এসেছেন এবং এখন খানিকটা অসুস্থ্য বোধ করছেন, তাদেরকে লাজ-লজ্জা ভুলে স্বজন এবং প্রতিবেশিদের বাঁচাতে দ্রুততার সাথে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা প্রদান করার অনুরোধ করেন।