শেরপুরের নালিতাবাড়ীতে বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাকের যক্ষ্মা প্রকল্পের এক স্বাস্থ্যকর্মী (৩১) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে কাজ করতেন। তিনি গড়কান্দা আনসার ক্যাম্প রোডের একটি মেস-এ ভাড়া থাকেন।

হাসপাতাল সূত্র জানায়, ব্র্যাক নালিতাবাড়ী শাখায় যক্ষ্মা প্রকল্পে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতেন সজীব সূত্রধর। ব্র্যাক এর এ প্রকল্পটি সরকারের সাথে যৌথভাবে পরিচালিত হওয়ায় মাঠকর্মী সজীব হাসপাতালের ল্যাবে আসা-যাওয়া এবং সেখানে কাজ করতেন। সবশেষ বুধবার তিনি ল্যাবে আসেন। কয়েকদিন আগে সজীবের সর্দি হলে হাসপাতাল স্টাফদের নিয়মিত নমুনা সংগ্রহকালে তারও নমুনা গত ১৩ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। ওই সময় প্রেরিত ১৭ জন স্টাফের মধ্যে বুধবার সন্ধ্যায় ১৫ জনের রিপোর্ট এলে ওই রিপোর্টে ১৪ জনের করোনাভাইরাস নেগেটিভ আসে এবং একজনের রিপোর্ট পজেটিভ আসে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বুধবার পর্যন্ত হাসপাতালে কর্মরত ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরমধ্যে ১৫ জনের ফলাফল পাওয়া গেছে।

এদিকে, সজীব সূত্রধরের করোনা পজেটিভ আসায় হাসপাতালের স্টাফদের মাঝে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা প্রশাসন ওই মেসসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছেন।