খাগড়াছড়ি জেলায় প্রবেশের নিষেধাজ্ঞা অমান্য করে শত শত মানুষের প্রবেশ চেষ্টা অব্যাহত। প্রশাসনের নজর এড়িয়ে রাতের আধারে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশা ও বয়সের লোকজন খাগড়াছড়িতে প্রবশের চেষ্টা করছে। অনেকেই আবার তথ্য গোপনেরও চেষ্টা করছে। ১৫ এপ্রিল বুধবার পর্যন্ত জেলার মানিকছড়ি ও রামগড় উপজেলা দিয়ে শত শত মানুষ খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় প্রবেশ করে। এতে করে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে স্থানীয় জনসাধারণের মাঝে।

জানা গেছে, ১৫ এপ্রিল রাত থেকে মানিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় জড়ো হতে থাকে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন। সামাজিক দূরত্ব বজায় না রেখে পাশাপাশি দাড়িয়েই নাম নিবন্ধন করতে দেখা গেছে তাদেরকে। সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ যেন কোনো গুরুত্বই পাচ্ছে না তাদের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ছড়িয়ে পড়ার পর আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। এমন অবস্থার প্রেক্ষিতে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ জানান, এতোদিন স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় প্রবেশকারীদের প্রবেশ করতে দেয়া হয়। আজ থেকে এ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কাউকে মানিকছড়ি সীমান্ত অতিক্রম করতে দেয়া হবে না।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ১৬ এপ্রিল থেকে কোনো শর্তেই  খাগড়াছড়ি জেলায় কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। এতোদিন প্রবেশকারীদের স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় দেয়া হয়েছিল। তাদের হোম কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তাই জেলা কমিটির জরুরি সিদ্ধান্ত অনুযায়ী খাগড়াছড়িতে কাউকে প্রবেশ করতে না দিতে নির্দেশ দেয়া হয়েছে। দেশের যে প্রান্ত থেকেই আসুক না কেন তাকে সেখানে ফিরে যেতে হবে। এ জন্য সেনাবাহিনী ও পুলিশের সহযোগীতা চাওয়া হয়েছে।