রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে নারুয়া চলাচলের প্রধান সড়কের শালমারা নিশ্চিন্তপুর এলাকা ব্রীজের মাঝে দেবে যাওয়াসহ ফাটল ধরেছে। ফলে সদরের সাথে অটো, নসিমন কিংবা ভ্যানযোগেও যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় এলাকাবাসী আবু সাঈদ, সোহেল, মিলন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর বালিয়াকান্দি নারুয়া সড়কের সদর ইউনিয়নের শালমারা বাজার এলাকার ব্রীজের মাঝে ফাটল ও দেবে যায়। বিষয়টি এলাকার লোকজন দেখতে পেয়ে দুঘর্টনার হাত থেকে রক্ষার জন্য বাঁশ দিয়ে বেধে রাখা হয়েছে। ফলে পায়ে হেটে ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। তবে দ্রুত এ ব্রীজটি মেরামতের দাবী জানান তারা। বড় কোনো দুঘর্টনা ঘটার আগেই পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, বিষয়টি এইমাত্র জানলাম। বিকেলে প্রকৌশলীকে সাথে নিয়ে ব্রীজটি পরিদর্শন করবো। যদি জরুরী ভিত্তিতে মেরামত করা সম্ভব হয় তাহলে মেরামতের জন্য উদ্র্বতন কর্তপক্ষের সাথে যোগাযোগ করা হবে। মেরামত সম্ভব না হলে চলাচলের জন্য পাশ্ববর্তী একটি বিকল্প সড়কের ব্যবস্থা করা হবে।



