রংপুরের মিঠাপুকুরে এবার একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ)। তার বাড়ি একই উপজেলার ইমাদপুর ইউনিয়নে।
শনিবার (১৮ এপ্রিল) ২৪ ঘণ্টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত। এদের মধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসক রয়েছেন। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। বাকি দু’জন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার।
বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু।
এদিকে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মামুন ভূঁইয়া জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে হাসপাতালটি লকডাউন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ওই চিকিৎসকের সংস্পর্শে আসা ডাক্তার-রোগী সহ অন্যান্য ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রেখে তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।



