কক্সবাজারে একদিনেই পাওয়া গেল ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। এর মধ্যে ৩ জন দ্বীপ উপজেলা মহেশখালীর এবং অন্যজন সীমান্ত উপজেলা টেকনাফের।

রোববার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬৩ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় এই ৪ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। এনিয়ে জেলায় মোট ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।  

এর আগে করোনা পজেটিভ রোগী কক্সবাজারের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ইউনিয়নের কুলালাপাড়ার এলাকার বাসিন্দা। তিনি খুলনা থেকে তাবলিগের চিল্লা দিয়ে এলাকায় ফিরেছিলেন।

কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, কক্সবাজার মেডিক্যাল ল্যাবে প্রতিদিন ৯৬ জন রোগীর নমুনা পরীক্ষার ব্যবস্থা থাকলেও উপজেলা পর্যায় থেকে পর্যাপ্ত নমুনা আসছে না। তবে এদিন অনেক বেশি নমুনা পাওয়া যায়।

তিনি আরো জানান, পরীক্ষা করা ৬৩ জনের প্রতিবেদন ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। ওখান থেকে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট প্রকাশ করা হবে।