মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সমাদ্দার ব্রিজের ওপর ত্রাণের দাবিতে রোববার শতশত কর্মহীন মানুষ ঢাকা- বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সড়ক অবরোধের কারণে এক ঘণ্টারও বেশি সময় মহাসড়কটিতে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল।

রোববার সকাল ১০টায় শুরু হওয়া অবরোধটি বিক্ষোভে রুপ নেয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষোভে ফেটে পড়া জনতার মুখে একটাই কথা চেয়ারম্যান মুজিবুর রহমান ও স্থানীয় মেম্বাররা এ পর্যন্ত আমাদের কোনো খবর নেননি। কাউকে একমুষ্ঠি চাল পর্যন্ত দেননি।

এলাকাবাসীর পক্ষে মো: হালিম শিকদার, মামুন মাতুব্বর, মিন্টু বেপারি ও জুয়েলসহ আরো কয়েকজন অভিযোগ করেন, লকডাউনের এক মাসের বেশি সময় অতিক্রম করলেও সর্বপ্রথম লকডাউন হওয়া মাদারীপুরের মানুষ হয়েও আজ পর্যন্ত আমরা কিছুই পাইনি।

তারা আরো বলেন, কাজ-কর্ম বন্ধ থাকায় আমরা মানবেতর জীবন-যাপন করছি। এ ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে চেয়ারম্যান মুজিবুর রহমানের ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন দিয়েও তার সাথে যোগাযোগ করা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।