কক্সবাজার শহরের পাহাড়তলী ইসুলুঘোনা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ছৈয়দ আলম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তার পুত্র জুয়েলকে (২৫) কুপিয়ে আহত করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর জানান, আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী ও প্রতিপক্ষের একদল সন্ত্রাসী আকস্মিকভাবে পিতা ও পুত্রকে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি দল তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিতা সৈয়দ আলমকে মৃত ঘোষণা করেন। পুত্র জুয়েলের অবস্থাও আশঙ্কাজনক। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



