টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে আরো একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের বাসিন্দা।
গত শুক্রবার উপজেলার সহবতপুরে একজন করোনা শনাক্ত হলে তার সংস্পর্শে আসা এবং একই জায়গায় চাকরি করতো এমন তথ্যের ভিত্তিতে ওই যুবকের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরে তার করোনাভাইরাস পজেটিভ হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা চারজনে দাঁড়ালো।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান বলেন, সুদামপাড়ার ২৫ বছরের ওই যুবক প্রায় ১২ দিন আগে জেলার নাগরপুর এবং ভূঞাপুরে করোনা আক্রান্ত যুবকের সাথে নিজ বাড়িতে আসেন। তারা পুরান ঢাকার শ্যামপুরে একটি ওষুধ কোম্পানির ফ্যাক্টরিতে কাজ করতেন। ঢাকা থেকে আগত একই ফ্যাক্টরির কর্মরত দু’জনের মধ্যে একজনের করোনা ভাইরাস পজেটিভ আসলে তার সহকর্মী হিসেবে ওই যুবকেরও নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পজেটিভ আসে। তার বাড়িসহ আশপাশের ৩০ বাড়ি লকডাউন করা হয়েছে। যেহেতু ১২ দিন অতিক্রম হয়ে গেছে তাই ওই যুবককে নিজ বাড়িতেই আলাদা কক্ষে চিকিৎসার জন্য রাখা হয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে বলেও জানান তিনি।



