ফেনীর দাগনভুঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে সোমবার রাতে করোনা উপসর্গ নিয়ে একজনের (৬৮) মৃত্যু হয়েছে। তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান, মারা যাওয়া ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আজ মঙ্গলবার সকালে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। একইসাথে তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত বলেন, ওই ব্যক্তি কিছুদিন থেকে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। তাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পাঠানো হয়েছে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ।



