রাজবাড়ীর কালুখালীর কালিকাপুর ইউনিয়নে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৪০ বছর। বুধবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের কালুখালী গ্রামের পদ্মার কোল থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, কালুখালীর পদ্মার কোলে স্থানীয় বাসিন্দা ইউনুস মন্ডলের ভুট্টা খেতে বুধবার সকালে স্থানীয়রা এক নারীর লাশ দেখতে পায়। লাশের পাশে একজোড়া স্যান্ডেল পাওয়া যায়। তার পরনে ছিল নারী লাল ব্লাউজ ও খয়েরী ছাপা শাড়ি। তার ডান চোখে আঘাতের চিহ্ন রয়েছে। চোখ ছাড়া শরীরের কোথায়ও আঘাতের কোনো চিহ্ন নেই।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথায়ও তাকে হত্যা করা হয়েছে। শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে লাশ পরিস্কার-পরিচ্ছন্ন। তার চোখে আঘাতের চিহ্ন রয়েছে। সেটি আঘাতজনিত না পাখি ঠুকরে হয়েছে তা বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।