গাছ কাটাকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়ীতে নাছিমা বেগম (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার নামা ছিটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাছিমা ওই এলাকার বুলবুলের স্ত্রী।
পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার নামা ছিটপাড়া এলাকার জিন্নত আলীর পোষ্য ছেলে বুলবুল ও তার তিন কন্যার মাঝে গাছ কাটা নিয়ে বুধবার রাত সাড়ে ১০টায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিন বোন ও তাদের সন্তান মিলে ভাবী নাছিমার উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে ময়মনসিংহ নেয়ার পথে নাছিমার মৃত্যু হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে ননদ নূরজাহান বেগম ও দুলালীকে আটক করে।



