বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপে সারাদেশে স্বাস্থ্য ব্যবস্থা যখন ভেঙ্গে পড়ার উপক্রম ঠিক সেই মুহূতে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের ঐতিহ্যবাহী জয়রামকুড়া হাসপাতাল রোগীদের সেবা দিয়ে যাচ্ছে।

অভাব রয়েছে মাস্ক, হ্যান্ড গ্লভস, পিপিইসহ বিভিন্ন চিকিৎসা উপকরণ। করোনাভাইরাসের কারণে প্রতিনিয়ত কমছে রোগীর সংখ্যা। আর তাতেই হিমশিম খেতে হচ্ছে হাসপাতালটি পরিচালনায়। এখানে আউটডোর সেবা ছাড়াও সেবা দেয়া হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায় হাসপাতালের বাইরে ও ভিতরে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, জীবাণুনাশক স্প্রে করা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার লুসি, ডাক্তার তাপস রেমা, হাসপাতালের নির্বাহী পরিচালক তরুন দারিং, প্রতিষ্ঠানটির অর্থ ব্যবস্থাপক অঙ্কুর ভৌমিক প্রমূখ।

হাসপাতাল সেক্টরের কো-অর্ডিনেটর ডাক্তার তাপস রেমা জানান, আমরা খুব কষ্টের মাঝে দিনাতিপাত করছি এবং সর্বোচ্চ চেষ্টা করে আমাদের রোগীদের সেবা দেয়া অব্যাহত রেখেছি।

হাসপাতাল পরিচালক তরুণ দারিং বলেন, এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা নার্সিং নামে দুটি প্রতিষ্ঠান সরকারি নির্দেশে বন্ধ রয়েছে। তাছাড়া মাইক্রোফিন্যান্স নামে জিবিসি কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানটিও বন্ধ আছে। সব মিলিয়ে আমরা কঠিন সময় পার করছি। আশা করি এ সমস্যার দ্রুত সমাধান হবে।