শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণের দাবিতে কর্মহীন হোটেল শ্রমিকরা মানববন্ধন করেছেন। গত শুক্রবার অনাহারি শ্রমিকরা উপজেলা সদরের থানামোড়ে থালা হাতে এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইমান আলী, জমশেদ আলী ও সোহেল মিয়া। তারা বলেন, এক মাস ধরে হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় তারা কর্মহীন হয়ে পরেছে। কিন্তু কেউ তাদের খোঁজখবর নেয়নি। তারা বলেন ১৫০ জন হোটেল শ্রমিক খাদ্য সঙ্কটে দিশেহারা। পরিবার পরিজন নিয়ে তারা এখন অনাহারে-অর্ধাহার মানবেতর জীবনযাপন করছেন। তারা বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও কোনো কাজ হয়নি। ফলে তারা ত্রাণের দাবিতে এ মানববন্ধন করেন। উপজেলা ত্রাণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহামুদের সাথে এ বিষয়ে কথা বলার জন্য ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।