রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় শিফা গার্মেন্টে উৎপাদনের অনুমোদন না থাকলেও ওই গার্মেন্ট কর্তৃপক্ষ লকডাউনভুক্ত নারায়ণগঞ্জ ও আশপাশের শ্রমিক নিয়োগ করে উৎপাদন শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। এতে দ্রুত সারুলিয়া এলাকাসহ ডেমরার আশপাশে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। অভিযোগ, গত কয়েকদিন ধরে নতুনভাবে শিফা গার্মেন্ট করোনাভাইরাসে লকডাউনভুক্ত নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার অন্তত ৮০ জন গার্মেন্টশ্রমিককে নিয়োগ দিয়েছেন। তবে এ বিষয়টি অস্বীকার করে গার্মেন্ট কর্তৃপক্ষ বলেন গার্মেন্ট চালু নয়, শ্রমিকদের বেতন দেয়া হচ্ছিল। এ ঘটনায় রোববার সারুলিয়ার অধিবাসীরা গার্মেন্টে গিয়ে বাধা দিলে শিফা গার্মেন্ট কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের শ্রমিকের বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি পর্যবেক্ষণ করে ঘটনার সত্যতা পায়।



