মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামে মাদক সেবন ও বিক্রয়ে বাধা দেয়ায় আবুল বাসার রিপন (৪০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক কারবারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
চিকিৎসাধীন অবস্থায় আহত আবুল বাসার রিপন জানান, দীর্ঘদিন ধরে এলাকার কিছু মাদক কারবারিরা প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল। কয়েক দিন আগে নোহাটা গ্রামের বাবলু শিকদারের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে জানতে পেরে বিক্রি বন্ধে তাদের বাধা দেয়া হয়।
এর সূত্র ধরে গত রোববার রাত আটটার দিকে ওই গ্রামের মাদক সরবরাহকারী পান্নুর নেতৃত্বে মাদক বিক্রেতা লুৎফর, রাসেল, কাদের, জুয়েল, সোহেল ও হাসিবসহ অজ্ঞাত সাত থেকে আটজন তার ওপর অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তার স্ত্রী বাধা দিতে গেলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নেয়। ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে রাতেই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস জানান, রোববার রাতে শ্রীপুরের নোহাটা থেকে রিপন নামের এক মারামারির রোগী ভর্তি হয়েছেন। তার মাথায় ও ডান পাশের পাজরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ মো: মাহাবুবুর রহমান জানান, সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামে রোববার রাতে একটি ঘটনা জানতে পেরেছি। আহত ব্যক্তি মাগুরা হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



