ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুরে এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি কিছুদিন আগে রাজধানী ঢাকা থেকে গ্রামে ফিরেছেন। দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম বুধবার দুপুরে ওই নারীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেন।
নয়া দিগন্তকে তিনি বলেন, ওই নারী রাজধানীতে গৃহপরিচারিকার কাজ করতেন। তার কোনো উপসর্গ ছিলো না। ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়। সেখান থেকে নমুনা প্রতিবেদনে করোনা শনাক্ত হয়। ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, দাগনভূঞার করোনা আক্রান্ত নারীকে ফেনী ট্রমা সেন্টারে আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে। জেলায় এ পর্যন্ত তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগে ১৬ এপ্রিল ছাগলনাইয়া ও ২০ এপ্রিল সোনাগাজীতে দুজনের করোনা শনাক্ত হয়। রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় ৩০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৪১টির ফলাফল এসেছে।



