খাগড়াছড়ির দীঘিনালায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা একজনের (৩৫) শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ। করোনা শনাক্ত হওয়া কামাকোছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে লকডাউন করা হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, আক্রান্ত ব্যক্তি গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জের আদমজি থেকে স্ত্রীসহ দীঘিনালায় আসে। পরে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হিসেবে কামাকোছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেরণ করা হয়। এ বিদ্যালয়ের ভবনে আরও ১০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া এ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ভবনে রয়েছে আরও ৪৫জন ।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. তনয় তালুকদার জানান, গত ২২ তারিখ নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়। অবশেষে ২৯ এপ্রিল তার পজেটিভ রিপোর্ট আসে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, কামাকোছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে লকডাউন ঘোষণা করা হয়েছে।